প্রকাশিত: Wed, Apr 26, 2023 10:22 PM
আপডেট: Fri, Jun 5, 2026 9:20 AM

৫ দিনে পদ্মা সেতুতে আয় সাড়ে ১৫ কোটি টাকা

শহীদুল ইসলাম: ঈদের পাঁচ দিন ছুটিতে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৪৫০ টাকা। এই সময়ে সেতুটিতে ১ লাখ ৫৪ হাজার ২৮৬টি যানবাহন পারাপার করেছে। এরমধ্যে মোটরসাইকেল থেকে শুরু করে সবধরনের যানবাহন ছিল। বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট এ তথ্য প্রকাশ করে।

গত পাঁচ দিনে পারাপার হওয়া যানবাহনের মধ্যে মাওয়া প্রান্ত থেকে পাড়ি দিয়েছে ৯৩ হাজার ৫৭৯টি যানবাহন। জাজিরা প্রান্ত থেকে পাড়ি দিয়েছে ৬০ হাজার ৬৮৯টি যানবাহন। এছাড়া মোট পারাপার হওয়া মোটরসাইকেলের মধ্যে মাওয়া থেকে পার হয়েছে ৪৭ হাজার ৭০৯টি ও জাজিরা থেকে পার হয়েছে ২৯ হাজার ৮২০টি। মোটরসাইকেল পারাপারে ১০০ টাকা হিসাবে প্রথম ছয়দিনে টোল আদায় হয়েছে ৭৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, বিপুল পরিমাণ মোটরসাইকেল পার হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে বিশৃঙ্খলার কারণে জরিমানার আওতায় আনা হয় ৫৭ মোটরসাইকেল আরোহীকে। ৩ হাজার টাকা করে আদায় করা হয় ১ লাখ ৭১ হাজার টাকা।

বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬৬০ কোটি টাকা। এর মধ্যে প্রথম কিস্তির ৩১৬ কোটি টাকা সরকারের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং আগামী জুন মাসে দ্বিতীয় কিস্তির অর্থ জমা দেওয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব